জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ এর সমাপনী, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
লোহাগড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে রোববার (২৯ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্কুল ফিডিং কর্মসূচি, চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক শ্যামল চন্দ্র রায়।
সভায় বক্তব্য দেন বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের অফিস সহকারী মো. শাহিনুর রহমান, ড্রেসার সাহাদত হোসেন, সিএ মো. হুমায়ুন আহমেদ প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান।
সাংস্কৃতিক আয়েজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান শেষ হয়।