গাজী মাকুল উদ্দীন, খুলনা:
খুলনায় চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। তিনি বলেছেন, তাঁর নির্বাচনী এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি হতে দেওয়া হবে না। সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা হিসেবে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। শনিবার (১৪ নভেম্বর) সকালে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর কর্মপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, ‘চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক ও পেশাজীবী নেতাদের সহযোগিতা চেয়েছে। আমি আমার জায়গা থেকে সেই সহযোগিতা দিচ্ছি। আমার নির্বাচনী এলাকায় কোনো চাঁদাবাজি হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে কেউ চাঁদাবাজি করার সাহস না পায়।’
খুলনার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, খুলনার মানুষ নিরাপত্তা, স্বস্তি ও স্বাভাবিক জীবনযাপন করতে চায়। কিন্তু বর্তমানে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা কাজ করছে। কখন, কোথায় কী ঘটনা ঘটে, তা নিয়ে মানুষের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। ভয়ে অনেকে শহর ছেড়ে চলে যাওয়ার উদ্যোগ নিচ্ছেন। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ করছেন, মানববন্ধন করছেন। চিকিৎসাসেবায় নিয়োজিত ব্যক্তিরাও নিরাপত্তার দাবিতে প্রতিবাদে নেমেছেন। এটি সবার জন্য লজ্জার।
তিনি বলেন, ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলার পরও যদি চাঁদাবাজি অব্যাহত থাকে, তাহলে মানুষ স্বস্তি পাবে কীভাবে? অভিযানও সফল হচ্ছে, আবার চাঁদাবাজিও চলছে এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
খুলনার পরিস্থিতিকে অঘোষিত রেড জোন উল্লেখ করে সংসদ সদস্য বলেন, জাতীয় সংসদে তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ নজরদারি ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। শুধু বক্তব্য বা আশ্বাসে নয়, বাস্তবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
হাসপাতাল ও চিকিৎসকদের হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কে বা কারা চাঁদাবাজি করছে, সে বিষয়ে প্রশাসন অবগত। চাঁদাবাজ যে-ই হোক, তাদের পৃষ্ঠপোষক কিংবা যারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। হাসপাতালের চিকিৎসকদের হুমকির বিষয়টি তাঁর কাছে বিস্তারিতভাবে জানানো হয়নি। তবে যেকোনো ধরনের হুমকি, চাঁদা দাবি ও হত্যাকাণ্ড সন্ত্রাসের আওতাভুক্ত। এসব থেকে মানুষকে মুক্তি দিতে হবে।
সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকার দাবি প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকার কথা বলেছেন। কিন্তু বাস্তব চিত্র কী, তা জনগণই ভালো বলতে পারবে। মানুষ স্বস্তিতে আছে, নাকি আতঙ্কে—সেটিই বিবেচনার বিষয়। বর্তমান সরকারের নয় মাসের মেয়াদে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি। বরং মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।
তিনি আরও বলেন, নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমের মাধ্যমে সন্ত্রাসী ও চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে বিশেষ উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে যৌথ বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও নাগরিক নেতাদের সঙ্গে আলোচনা করে সমন্বিত পদক্ষেপ নিতে হবে।
খুলনার উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে ছয়টি আসনের সংসদ সদস্যদের একসঙ্গে বসার আহ্বান জানিয়ে শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, তিনি ব্যক্তিগতভাবে একাধিকবার খুলনার সংসদ সদস্যদের একসঙ্গে বসার প্রস্তাব দিয়েছেন। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার পাশাপাশি বিমানবন্দর, গ্যাস ও বিদ্যুতের মতো অভিন্ন উন্নয়ন ইস্যুতেও ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, খুলনার ছয়জন সংসদ সদস্যের মধ্যে সরকারি দলের সদস্যসংখ্যা বেশি। তাঁদের মধ্যে একজন হুইপও রয়েছেন। তাঁর প্রতি আহ্বান, দ্রুত সবাইকে নিয়ে আলোচনায় বসুন। প্রথমে ছয়জন সংসদ সদস্য একসঙ্গে বসে পরামর্শ করুন, এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করে পরিস্থিতি মোকাবিলায় বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া হোক।
মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়