বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়- সাইমুর রহমান:
জনপ্রিয় কণ্ঠশিল্পী অন্তর রহমানের ঘর আলো করে এসেছে ফুটফুটে পুত্র সন্তান। গত ২৭ অক্টোবর ২০২৬ ইং তারিখে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেন। নতুন অতিথির আগমনে পরিবারজুড়ে বইছে আনন্দের বন্যা। পাশাপাশি সংগীত ও মিডিয়া অঙ্গনের বিভিন্ন পর্যায় থেকে তাঁকে জানানো হচ্ছে শুভেচ্ছা ও অভিনন্দন।
স্বদেশ নিউজ২৪.কম-এর সম্পাদক আরজে সাইমুর রহমানের সঙ্গে আলাপকালে বাবা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে কণ্ঠশিল্পী অন্তর রহমান বলেন, “আলহামদুলিল্লাহ, আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমি অনেক অনেক খুশি। আমার ছেলে সুস্থ আছে। সবাই তার জন্য দোয়া করবেন।”
তবে বাবা হওয়ার আনন্দের মাঝেও মায়ের অনুপস্থিতি তাঁকে গভীরভাবে আবেগাপ্লুত করে তুলেছে। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “আমার মা থাকলে আজকে কতটা খুশি হতেন! বুক ফেটে কান্না আসে আমার, যা কাউকে বুঝিয়ে বলতে পারছি না। কিন্তু আমার ছেলে আমার মায়ের মতো সব পেয়েছে। আল্লাহ মহান। আমার বাবা ও বোনের পাশে মা, তুমি থাকতে।”
আবেগঘন কণ্ঠে তিনি আরও বলেন, সবাই যেন তাঁর সন্তানের জন্য দোয়া করেন। মহান আল্লাহ যেন তাঁর সন্তানকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলেন। একই সঙ্গে তিনি সবার প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর ২০২৬ ইং তারিখে কণ্ঠশিল্পী অন্তর রহমানের পুত্র সন্তানের আকিকা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
এদিকে স্বদেশ নিউজ২৪.কম-এর সম্পাদক আরজে সাইমুর রহমান কণ্ঠশিল্পী অন্তর রহমানকে বাবা হওয়ার আনন্দঘন মুহূর্তে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি নবজাতকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন।
নতুন অতিথির আগমনে কণ্ঠশিল্পী অন্তর রহমান ও তাঁর পরিবারের জন্য রইল অফুরন্ত ভালোবাসা ও শুভকামনা।