মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি গাজী নিজাম উদ্দিন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক, হিঙ্গুলী বন গবেষনা কেন্দ্রের বন গবেষণা কর্মকর্তা বাহার উদ্দিন, কালের কণ্ঠের মিরসরাই প্রতিনিধি এম আনোয়ার হোসেন এবং অনির্বাণ যুব ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন।
শিক্ষক রায়হান উদ্দিন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক হিরু আক্তার ববি, নাহিদ উদ্দিন, মাওলানা খোরশেদ আলম ও মিলন বণিকসহ অভিভাবক ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে গাজী নিজাম উদ্দিন বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলিতেও সমৃদ্ধ হতে হবে। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে ২২টি বিষয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উল্লেখযোগ্য ইভেন্টের মধ্যে ছিল অঙ্ক দৌড়, অন্ধের হাঁড়ি ভাঙা, টেনিস বল সংগ্রহ, কবিতা আবৃত্তি, গজল, নৃত্য ও মনের মতো সাজ। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ৬৬ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।