জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার আলামুন্সির মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকর হলেন— লোহাগড়া উপজেলার দোপাদহ গ্রামের মো. আজিম শেখ (২৩), একই গ্রামের মো. ওবায়দুর রহমান (৪২) এবং গোপালগঞ্জের কালিগঞ্জ উপজেলার উত্তর ধানকুড়া গ্রামের মো. জাকির শেখ (৩১)।
পুলিশ সূত্রে জানা গেছে , গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলামুন্সির মোড়ে অবস্থান নেয় লোহাগড়া থানা পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।