মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের পর সিলেটে আওয়ামী লীগের আনন্দ মিছিল ও পুলিশের ওপর হামলা চালিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।
বুধবার বেলা পৌনে ২ টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় এ ঘটনায় ১০-১২টি মোটরসাইকেল ও অটোরিকশা এ সময় ভাংচুরের শিকার হয়। সংঘর্ষে আহত হন অন্তত ৫ জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টার দিকে নগরীর বন্দরবাজার এলাকা থেকে ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। মিছিল থেকে বন্দরবাজারে পুলিশকে দিকে ঢিল ছোড়া হয়। কম সংখ্যক পুলিশ থাকায় কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে পিছু হটে যায় পুলিশ সদস্যরা।
পরে কোর্ট পয়েন্টে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজের নেতৃত্বে আনন্দ মিছিলের প্রস্তুতির সময় তাদের ধাওয়া করে জামায়াত-শিবির কর্মীরা। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা জামায়াত-শিবির কর্মীদের পাল্টা ধাওয়া দেয়। এ সময়জামায়াতকর্মীরা বন্দরবাজার এলাকার দিকে সরে যায়।
সংঘর্ষ চলাকালে সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। অনেককেই দিগ্বিদিক দৌঁড়াতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত উল্লাহ বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ শটগানের গুলি ছুঁড়ে জামায়াত-শিবির কর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে।”