ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর আদর্শকে ধারণ করে একুশের চেতনা প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সন্ধ্যায় দিল্লীতে বাংলাদেশ হাইকমিশনের মৈত্রী হলে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস ও অমর একুশে উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে একথা বলেন।
তিনি বলেন, ১৯৫২সালের ২১শে ফ্রেরুয়ারিতে পাকিস্তানী স্বৈরশাসকদের বর্বরতার বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে আটক অবস্থায় কয়েদিদের নিয়ে অনশন করেছিলেন। প্রতিমন্ত্রী বলেন, আমরা নিরপেক্ষ নই, আমরা জঙ্গীবাদের বিপক্ষে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং স্বাধীনতার স্বপক্ষে। তিনি বলেন, দেশাত্মবোধ থাকলে সকল বাধাকেই অতিক্রম করা যায়। এজন্যে দেশাত্মবোধকে সর্বাগ্রে স্থান দিতে হবে তারপর অন্যদেশের ভালো কিছু থাকলে সেটা গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিতে গিয়ে দিল্লীতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বলেন, ১৯৫২সালের ২১শে ফ্রেব্রুয়ারি থেকেই আমাদের মুক্তির যাত্রা শুরু হয়েছিল। এপথের সকল বাধা অতিক্রম করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। ২১শে ফেব্রুয়ারী এমন একটা দিন, যেদিন মানুষ মাতৃভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্যে প্রথম প্রাণ দিয়েছিল। তিনি বাংলা ভাষাকে সমৃদ্ধ করার মাধ্যমে একুশে-এর প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান। অনুষ্ঠানে ইউনেস্কোর পরিচালক সিগেরো ওয়াগীও বক্তব্য প্রদান করেন।
পরে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ফরিদ হোসেনের পরিচালনায় এক প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন কমনওয়েলথ জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সম্পাদক জয়ন্ত রায় চৌধুরী এবং ড. সুস্মিতা দাশ গুপ্ত।এর আগে সকালে হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন করেন ডেপুটি হাই কমিশনার সালাহউদ্দিন নোমান চৌধুরী।