ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে দিনাজপুরে। অনুষ্ঠানটি ধারণ করা হয় দিনাজপুরের প্রাচীন ও ঐতিহাসিক কুঠিবাড়ির সামনে, যা বর্তমানে বিজিবি সেক্টর হেডকোয়ার্টার। এবারের পর্বে দিনাজপুরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে রয়েছে একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। ঢাকা জেলার ধামরাইয়ের শিক্ষা তাপস নরেশ চন্দ অধিকারীর ওপর রয়েছে একটি শিক্ষামূলক প্রতিবেদন। রয়েছে গাজীপুর সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম তিতাসের ওপর একটি সচেতনতামূলক প্রতিবেদন। রয়েছে কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের জান্নাতুল বকেয়া মামুণির ওপর একটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন। দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার জন্মান্ধ ভ্যানচালক মহাসিন আলী ও তার পরিবারের ওপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন।
এ ছাড়াও রয়েছে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক ফ্যান পেজের ওপর একটি আকর্ষণীয় পর্ব। এ উপলক্ষে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে রয়েছে হানিফ সংকেতের একটি ভিন্নধর্মী সাক্ষাত্কার। এবারের বিদেশি প্রতিবেদন করা হয়েছে তুরস্কের বসফরাস সেতুর ওপর। বিজয়ের মাস উপলক্ষে রয়েছে একটি দেশাত্মবোধক গান। গেয়েছেন শিল্পী অ্যান্ড্রু কিশোর। দেশের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন দিনাজপুরের অর্ধশতাধিক স্থানীয় নৃত্যশিল্পী। অনেক দিন পর অভিনেতা আরিফুল হককে দেখা যাবে ইত্যাদিতে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর অভিনেতা মাসুদ আলী খানও আবার ক্যামেরার সামনে দাঁড়ালেন ইত্যাদিতে। নিয়মিত পর্ব হিসেবে রয়েছে মামা-ভাগ্নে, নানী-নাতি ও চিঠিপত্র বিভাগ। রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশকিছু সরস ও তীক্ষ নাট্যাংশ।
বনভোজনে যুগের হাওয়া, অচেতন ব্যক্তির সচেতনতা, দায়িত্বজ্ঞান, প্রত্যাশার বিপরীত প্রাপ্তি, অশিক্ষার কুফল, একাল ও সেকালের কথা, চামচা হইতে সাবধানসহ বিভিন্ন সাম্প্রতিক বিষয়ের ওপর রয়েছে বেশ কয়েকটি নাট্যাংশ। হানিফ সংকেতের উপস্থাপনা ও পরিকল্পনায় ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ৩০ ডিসেম্বর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর। পরিবেশিত হবে কেয়া কসমেটিকসের সৌজন্যে।