বাংলাদেশ বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে তাদের অবসর-উত্তর ছুটি (এলপিআর) কার্যকর হবে। পরবর্তী সময়ে ২০২৭ সালের ১ জুন থেকে তাদের অবসর কার্যকর হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন উইং কমান্ডার সানজিদা আক্তার, উইং কমান্ডার এনামুল কবির, স্কোয়াড্রন লিডার এস এম তানজিল আহসান, স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার চৌধুরী এবং স্কোয়াড্রন লিডার সানজানা শারমিন চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ধিত মেয়াদি কমিশনে দায়িত্ব পালন করা প্রথম দুই কর্মকর্তার চাকরির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় তাদের অবসরে পাঠানো হয়েছে। এ ক্ষেত্রে বিমান বাহিনী অ্যাক্ট রুলস, ১৯৫৭-এর রুল ২৪(১০) এবং বিমান বাহিনী নির্দেশিকা ১/১৯৯৭ অনুসরণ করা হয়েছে।
অন্যদিকে, স্বল্পমেয়াদি কমিশনের অধীনে কর্মরত বাকি তিন কর্মকর্তার চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় একই আইনের রুল ২৪(১০) এবং বিমান বাহিনী নির্দেশিকা ২/২০১৪ অনুযায়ী তাদের অবসরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, অবসরে যাওয়া পাঁচ কর্মকর্তা প্রচলিত বিধিবিধান অনুযায়ী অবসরকালীন সব সুযোগ-সুবিধা ভোগ করবেন।