জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলায় ১ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি মামা-ভাগ্নেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) নড়াইল কার্যালয়।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইল কার্যালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন- সদর উপজেলার ভাটিয়া দক্ষিণপাড়া গ্রামের সৈয়দ সাজ্জাদ আলী ও তার ভাগ্নে মুলদাইড় পশ্চিমপাড়া গ্রামের আহাদ শেখ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, রোববার বেলা পৌনে ১২টার দিকে গোপন সংবাদে সদর উপজেলার মুলদাইড় পশ্চিমপাড়া আহাদ শেখের দ্বিতল পাকা বসতবাড়িতে অভিযান চালায় ডিএনসির একটি দল। এ সময় রুমের মধ্যে কাঠের ক্যাবিনেট ও আসামির লুঙ্গির কোচর থেকে অভিনব কায়দায় লুকানো পাঁচটি নীল রঙের জিপারের মধ্যে ২০০টি করে সর্বমোট ১ হাজার কমলা রঙের ইয়াবা জব্দ করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৯৬ হাজার টাকা এবং একটি মোবাইল সেট জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইল কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়- তারা দীর্ঘদিন ধরে নড়াইল জেলার বিভিন্ন এলাকায় অবৈধ মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। তাদের মাছের ঘের আছে এবং দীর্ঘদিন কুয়েত প্রবাসী হিসেবে ছিলেন। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে।