র্যাম্প থেকে চলচ্চিত্রে পা রেখেই বেশ আলোচনায় চলে আসেন গ্ল্যামারাস কন্যা জান্নাতুল ফেরদৌস পিয়া। রেদোয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’র মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক। এরপর একে একে বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে কাজ করেন তিনি। এদিকে মধ্যে কয়েকটি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েও প্রশংসা কুড়ান। এর মাধ্যমে মডেল হিসেবে বিশ্ব দরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পিয়া। এদিকে সামনেই মডেলিং ও অভিনয়ে কিছু চমক নিয়ে হাজির হচ্ছেন এ শোবিজকন্যা। এর মধ্যে নতুন একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে তার। ২৮শে আগস্ট তিনি প্রেক্ষাগৃহে আসছেন ‘স্টোরি অব সামারা’ ছবিটি নিয়ে। এটি পরিচালনা করেছেন রিকিয়া মাসুদ। এটি একদমই ভিন্নধর্মী গল্পের একটি ছবি। ছবির গল্পে দেখা যাবে এক ঘটনায় সামারা নামের একটি গ্রহে পৃথিবী থেকে পাঁচ বন্ধু চলে যায়। সেখানে একটি শিশুর সঙ্গে তাদের দেখা হয়। অবাক করা ব্যাপার হলো- এ শিশুর নামও সামারা। এরপর বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে থাকে সেখানে। এভাবেই এগিয়ে যায় ছবির গল্প। এ ছবিতে অভিনয় প্রসঙ্গে পিয়া বলেন, এটি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি ছবি। এখানে আমার চরিত্রটিও অনেক আলাদা। আমার মনে হয় ভাল লাগবে দর্শকদের। এদিকে জানা গেছে পিয়া অভিনীত আশিকুর রহমান পরিচালিত ‘গ্যাস্টার রিটার্নস’ ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরের ৪ তারিখ। এখানে তিনি অভিনয় করেছেন অপূর্বর বিপরীতে। এর বাইরে পিয়া নতুন আরও একটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন সামনে। ছবির নাম ‘শেষ প্রহর’। পরিচালনা করছেন এইচ আর হাবীব। ছিটমহলে একটি হিন্দু পরিবারের টানাপড়েন নিয়েই তৈরি হবে এ ছবি। র্যাম্প দিয়ে ক্যারিয়ার শুরু করে সফলতা পেলেও গত দুইবছর চলচ্চিত্র ও অন্য ব্যস্ততার ফলে আর এখানে সময় দিতে পারেননি পিয়া। তবে দুই বছর পর ২১শে আগস্ট আবারও র্যাম্পে হেঁটেছেন এ শীর্ষ মডেল। দিয়া মির্জাকে নিয়ে আয়োজিত পন্ডসের অনুষ্ঠানেই তিনি ক্যাটওয়াক করেছেন। এছাড়াও সম্প্রতি ১০ দিন কম্বোডিয়ায় কাটিয়ে এসেছেন পিয়া। সেখানে শাহরিয়ার শাকিল পরিচালিত ‘হলিডে প্ল্যানার’ অনুষ্ঠানটির শুটিং করেছেন। অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে কাজ করছেন পিয়া। এর আগেও একটি অনুষ্ঠান সঞ্চালনা করে প্রশংসিত হয়েছিলেন তিনি। গত বছরের শেষের দিকেই তিনি কয়েক মাস দিল্লির মাসকট মডেল ম্যানেজম্যান্টের হয়ে বেশ কিছু কাজ করেছেন। সেখানে কয়েকটি ব্র্যান্ডের মডেল হওয়া ছাড়াও একটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন তিনি। আন্তর্জাতিক মডেল এজেন্সি জেএওয়াইএর সঙ্গে চুক্তি হয়েছে পিয়ার। যার কারণে আগামী মাসেই তিনি ইতালিতে যাচ্ছেন। ইতালির মিলানে দুমাস থাকবেন তিনি। সেখানে বিজ্ঞাপনচিত্র ও ফটোশুটে অংশ নেবেন পিয়া। পিয়া নাটকে অভিনয় কম করলেও এবারের ঈদের জন্য কমপক্ষে পাঁচটি নাটকে কাজ করছেন বলে জানালেন। এর বাইরে বর্তমানে গাজী টিভিতে প্রচার চলতি রয়েছে তার অভিনীত ধারাবাহিক নাটক ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস’। সব মিলিয়ে সামনে চমক নিয়ে হাজির হচ্ছেন পিয়া। নিজের এ বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে পিয়া বলেন, নতুন চলচ্চিত্র আসছে। এর কাজ অনেক আগেই শেষ করেছিলাম। সামনেই ‘শেষ প্রহর’ ছবির শুটিং করবো। এখন মূলত ঈদের নাটকের কাজ করছি। কারণ সেপ্টেম্বরেই মডেলিংয়ের কারণে আমাকে ইতালি যেতে হবে। সব মিলিয়ে আশা করছি প্রত্যেকটি ক্ষেত্রেই ভাল কাজ সবাইকে উপহার দিতে পারবো।
আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন