সুবল চন্দ্র দাস, কটিয়াদী (কিশোরগঞ্জ) ঃ কিশোরগঞ্জের বাজিতপুরে আন্তঃস্কুল হ্যান্ডবল ফাইনালে হেরে পরাজিত স্কুলের শরীর চর্চা শিক্ষিকা বিজয়ী স্কুলের ১১ ছাত্রীকে পিটিয়ে আহত করেছেন। আহতদের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছে। জানা গেছে, সোমবার বাজিতপুর উপজেলা পর্যায়ে মেয়েদের আন্তঃস্কুল হ্যান্ডবল ফাইনাল খেলায় নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুল বেগম রহিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে জয়লাভ করে। এতে ক্ষিপ্ত হয়ে পরাজিত স্কুলের ছাত্রীরা শরীর চর্চা শিক্ষিকা সুফিয়া আক্তারের নেতৃত্বে বিকালে বাড়ি ফেরার পথে বিজয়ী স্কুলের ছাত্রীদের বেদম পিটিয়ে ১১ ছাত্রীকে আহত করেছেন। আহতদের মধ্যে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী সাথী আক্তার, ৭ম শ্রেণীর ছাত্রী আশামণি, সাবিকুন্নাহার ও তামান্না আক্তারকে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য ৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে বাজিতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইলসহ কয়েকটি স্কুলের প্রধান শিক্ষক আহত ছাত্রীদের দেখতে হাসপাতালে যান। বেগম রহিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল হক সাংবাদিকদের জানান, বিজয়ী স্কুলের ছাত্রীরা প্রথমে তার স্কুলের ছাত্রীদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে তার স্কুলের শিক্ষিকা ও শিক্ষার্থীরা পাল্টা হামলা চালিয়েছে। বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেডএম শারজিল হাসান জানান, সোমবার রাতে তার কার্যালয়ে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিদের নিয়ে সভা করেছেন। সভায় সহকারি কমিশনার (ভূমি) মো. গোলাম মোস্তফা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দিয়ে তদন্ত কমিটি করে দিয়েছেন। তাদের আজ বুধবার পৃথক তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন