মঙ্গলবার ইউরোপ সেরার লড়াইয়ের সেরা ষোলোর প্রথম পর্বে আগুয়েরোর দল ম্যানচেস্টার সিটির মাঠে খেলতে যাবে মেসির বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় শুরু হবে ম্যাচটি।
গত মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোতে দেখা হয়েছিল এই দুই দলের, মুখোমুখি লড়াইয়ে নেমেছিলেন দুই বন্ধু। সে লড়াইয়ে দুই লেগ মিলে ইংল্যান্ডের দল সিটিকে ৪-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে বার্সেলোনা।
বন্ধুর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে জিতেছিলেন মেসি। দুই লেগেই ১টি করে গোল করেছিলেন টানা চারবারের বর্ষসেরা তারকা। অন্যদিকে, আগুয়েরো কোনো গোলই করতে পারেননি সেবার। সিটি তারকা অবশ্য প্রথম লেগে খেলেননি।
তাই বার্সেলোনার বিপক্ষে এবারের লড়াইটা সিটির জন্যে যেমন প্রতিশোধের, তেমনি আগুয়েরোর জন্য বন্ধুর কাছে হারের বদলা নেবার।
এই মৌসুমে ক্লাবের জার্সিতে দুজনেই আছেন ভালো ফর্মে।
লা লিগায় এ পর্যন্ত ২৬ গোল করেছেন মেসি, আর চ্যাম্পিয়ন্স লিগে তার গোলসংখ্যা ৮টি।
আর প্রিমিয়ার লিগে ১৭ গোল করে গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন আগুয়েরো। চ্যাম্পিয়ন্স লিগে এ পর্যন্ত ৫টি গোল করেছেন তিনি। তার মধ্যে গত নভেম্বরে গ্রুপ পর্বে বায়ার্ন মিউনিখকে ৩-২ গোলে হারাতে হ্যাটট্রিক করেন আগুয়েরো।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী