ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৪ কেজি ওজনের ৩৬ টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
সোমবার সকালে এগুলো উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুবাই থেকে চট্টগ্রাম হয়ে আসা বাংলাদেশ বিমানের বিজি-০৪৮ ফ্লাইটে শাহজালালের অভ্যন্তরীণ টার্মিনালে অবতরণ করেন ওই যাত্রী। এ সময় তার গতিবিধি সন্দেহ হলে কোমর ও জুতার ভেতরে কৌশলে লুকানো অবস্থায় ৩৬ টি স্বর্ণের বার পাওয়া যায়।
প্রাথমিকভাবে ওই যাত্রীর নাম পরিচয় জানা যায়নি। উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য দুই কোটি টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ।