বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচারিক সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে যে সব কার্যক্রম চলমান রয়েছে তারই অংশ হিসেবে বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার লক্ষ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, এই আদালতসমূহ বাণিজ্যিক বিরোধের দ্রুত নিষ্পত্তিতে সহায়ক হবে। এর ফলে ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা সময়োপযোগী ও কার্যকর আইনগত প্রতিকার লাভ করতে সক্ষম হবেন; যা বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং অধিক পরিমাণে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI) আকৃষ্ট করবে।

তিনি আরও বলেন, এই উদ্যোগ বিচার ব্যবস্থাকে পরিবর্তনশীল অর্থনীতির চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এবং বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব গন্তব্য হিসেবে উপযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শনিবার সকালে মৌলভীবাজারের দুসাই রিসোর্টে বাংলাদেশ সুপ্রিমকোর্ট ও ইউএনডিপি বাংলাদেশ’র যৌথ উদ্যোগে ‘জুড়িসিয়াল ইনডিপেনডেনস অ্যান্ড এফিশিয়েনসি ইন বাংলাদেশ’ শীর্ষক একটি রিজিওনাল সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি তার বক্তব্যে তরুণ প্রজন্মের জন্য শিক্ষাক্রমে সাংবিধানিক শিক্ষা অন্তর্ভুক্ত করার গুরুত্বের ওপর বিশেষ গুরুত্ব দেন।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার স্বতস্ফূর্ত অংশগ্রহণে সংঘটিত বিপ্লব, সাংবিধানিকতা ও আইনের শাসনের প্রতি এ দেশের তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান প্রতিশ্রুতি ও সচেতনতার বিষয়টি আমাদের সামনে নতুন করে তুলে ধরেছে। একই সঙ্গে এর মাধ্যমে নতুন একটি প্রজাতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার যে প্রচেষ্টা বর্তমানে চলমান রয়েছে, তার অংশ হিসেবে শিক্ষার প্রাথমিক পর্যায়েই তরুণদের কিভাবে সাংবিধানিকতার মৌলিক দিকগুলোর সঙ্গে পরিচিত করানো যায় তার প্রয়োজনীয়তা স্বীকৃত হয়েছে।

প্রধান বিচারপতি উল্লেখ করেন, প্রাথমিকভাবে শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে সংবিধানে উল্লিখিত নাগরিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার সম্পর্কে তরুণদের জ্ঞান অর্জনের সুযোগ করে দেওয়া হলে, সেই অর্জিত শিক্ষা একটি ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক সমাজ গঠনে এ দেশের তরুণদের অবদান রাখার ক্ষেত্র প্রস্তুত করতে সাহায্য করবে।

প্রধান বিচারপতি তার বক্তব্যে বিচার বিভাগীয় সংস্কারের অংশ হিসেবে বিভিন্ন নতুন পদ্ধতি চালু করার পাশাপাশি সংবিধানের বিদ্যমান বিধানের কার্যকর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, সংবিধানের ষষ্ঠ অংশের প্রথম অধ্যায়ের বেশ কিছু বিধান; যা কখনো সেভাবে প্রয়োগ করা হয়নি, তা বর্তমান পরিবর্তিত পরিস্থিতির আলোকে নতুন করে পুনর্বিবেচনা করা প্রয়োজন।

এ প্রসঙ্গে তিনি সুপ্রিমকোর্টের ‘স্পেশাল কমিটি ফর জুডিসিয়াল রিফর্ম’র সভাপতি বিচারপতি মো. আশফাকুল ইসলামকে সংবিধানের ৯৮ অনুচ্ছেদের আওতায় অতিরিক্ত বিচারপতি নিয়োগ এবং ১০০ অনুচ্ছেদ অনুযায়ী রাজধানীর বাইরে হাইকোর্ট বিভাগের অধিবেশন আয়োজনের সম্ভাবনা অনুসন্ধানের জন্য বিশেষভাবে অনুরোধ করেন ।

সৈয়দ রেফাত আহমেদের মতে, সংবিধানের ১০৭ অনুচ্ছেদের (৩) ও (৪) দফার সম্মিলিত পাঠের আওতায় প্রয়োজনীয় বিধি প্রণয়নের মাধ্যমে সুপ্রিমকোর্টের দ্বিকক্ষ বিশিষ্ট কাঠামোকে আরও শক্তিশালী করা যেতে পারে।

বিচার বিভাগ সংস্কারে তার ঘোষিত রোডম্যাপের বাস্তবায়ন প্রসঙ্গে বলেন, ইতোমধ্যে উচ্চ আদালতের বিচারক নিয়োগে জুডিসিয়াল অ্যাপোয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের বিধান অন্তর্ভুক্ত করে অধ্যাদেশ জারি করা হয়েছে এবং সুপ্রিমকোর্ট সচিবালয় স্থাপনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।

তিনি আরও বলেন, অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতিতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নসহ বিচার বিভাগীয় কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে প্রধান বিচারপতি ফেলোশিপ চালু করার বিষয়ে সুপ্রিমকোর্ট কাজ করে যাচ্ছে।

তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, বিচার বিভাগ ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে সুপ্রিমকোর্টের কোম্পানি বেঞ্চে কাগজমুক্ত কার্যক্রম পরিচালনা ইতোমধ্যে শুরু হয়েছে এবং ভবিষ্যতে দেশের জেলা আদালতগুলোতেও এ প্রক্রিয়া চালু করা হবে। বিচার সেবা সহজকরণে সুপ্রিমকোর্টে যে হেল্প লাইন সেবা চালু করা হয়েছে তার মাধ্যমে বিচারসেবা প্রার্থীরা উপকৃত হচ্ছেন এবং এর মাধ্যমে বিচার সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা