‘বাসটি’ গত বছরও দুর্ঘটনায় পড়েছিল

মাদারীপুরের শিবচরে দুর্ঘটনাকবলিত ইমাদ পরিবহণের বাসটিতে কোনো ফিটনেস ছিল না। খুলনা ও ঢাকার মধ্যে চলাচলকারী বাসটি কীভাবে বিআরটিএ ও ট্রাফিক পুলিশের নজরদারি এড়াল তা নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। গত বছরও বাসটি দুর্ঘটনার শিকার হয়েছিল। এ কারণে বিআরটিএ কর্তৃপক্ষ বাসটির রেজিস্ট্রেশন প্রাথমিকভাবে স্থগিত করেছিল।

অনুসন্ধানে জানা গেছে, দুর্ঘটনাকবলিত ইমাদ পরিবহণের গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-৩৩৪৮। ভারতের অশোক লে ল্যান্ড কোম্পানির গাড়িটি ২০১৭ সালে তৈরি। ২০১৮ সালের ১৭ জানুয়ারি এটি রেজিস্ট্রেশন করা। এর মালিকানায় রয়েছে-সোশ্যাল ইসলামী ব্যাংক (পান্থপথ শাখা) এবং ইমাদ পরিবহণ প্রাইভেট লিমিটেড। ঠিকানা দেওয়া হয়েছে ইফাদ অটোস লিমিটেড, ২১ রাজউক এভিনিউ এবং আরেকটি ঠিকানা গোপালগঞ্জের আলিয়া মাদ্রাসা রোড।

বিআরটিএ সূত্র জানায়, বাসটির ফিটনেস ছিল না। ২০২২ সালের ১৬ জানুয়ারি বাসটির ফিটনেসের জন্য আবেদন করা হয় এবং এ বছরের ১৮ জানুয়ারি পর্যন্ত মেয়াদ ছিল। গত বছরের নভেম্বরে বাসটি গোপালগঞ্জে দুর্ঘটনার শিকার হয়। এ কারণে বিআরটিএ’র ওয়েবসাইটে বাসটির রেজিস্ট্রেশন স্থগিত করে রেখেছিল। রোববার দুর্ঘটনাকবলিত বাসটির বেঁচে যাওয়া যাত্রীদের অভিযোগ, বাসটি প্রথম থেকে বেপরোয়া গতিতে চলছিল। এজন্য বাসের চালককে কয়েকবার সতর্কও করা হয়েছিল। সম্প্রতি ইমাদ পরিবহণে বাসচালক জাহিদ শেখ যোগ দেন বলে জানা গেছে।

সূত্র জানায়, খুলনা সার্কেলে প্রায় ১৭ হাজার যানবাহনের মধ্যে ৩ হাজার ৩০০টির ফিটনেস নেই। এ তথ্য ফেব্রুয়ারি মাসের। এ ছাড়া ১৮৫টি অ্যাম্বুলেন্সেরও ফিটনেস নেই। শিবচরে দুর্ঘটনাকবলিত ইমাদ পরিবহণের বাসটি দুই মাস আগে ফিটনেসের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। অথচ যানবাহনটি প্রতিদিন খুলনা মহানগরী ও জেলায় চলাচল করত। অথচ নগরীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ থাকলেও বিষয়টি তাদের নজরদারিতে আসেনি।

বিআরটিএর খুলনার সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) প্রকৌশলী তানভীর আহমেদ রোববার জানান, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিআরটিএ সমন্বয়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ফিটনেসবিহীন যানের ফিটনেস নবায়ন করার জন্য পত্রিকায় বিজ্ঞাপন, মাইকিং ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। এমনকি ফিটনেস খেলাপি যানের মালিকদের কাছে তাদের যানবাহন নবায়ন করার জন্য রেজিস্ট্রিযোগে চিঠি পাঠানো হয়। এ ছাড়া জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ফিটনেস খেলাপিদের তালিকা পাঠানো হয়।

খুলনা ট্রাফিক পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (অতিরিক্ত দায়িত্ব) তাজুল ইসলাম বলেন, কেএমপি কমিশনারের নির্দেশে ফিটনেসবিহীন যানবাহনের বিষয়ে আমাদের বিশেষ অভিযান অব্যাহত আছে। নগরী ও হাইওয়েতে কোনোভাবেই যেন ফিটনেসবিহীন যানবাহন চলাচল না করে সেজন্য আমরা সক্রিয় আছি।

জানা গেছে, আইন অনুযায়ী ফিটনেসবিহীন বা মেয়াদোত্তীর্ণ গাড়ি চলাচলে অনধিক ৬ মাসের জেল বা ২৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান থাকলেও তা তেমন কার্যকর করা হয় না।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার