‘নাম শোনার দরকার নাই। আমি আপনাকে ভালো করে দুইটা কথা বলি। সাগর, টিটু আর মারুফের জামিনে কোনো ঝামেলা করলে আপনার সমস্যা হবে’-বুধবার রাত ৮টা ২৯ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল ফোনে এমন হুমকি দেয়। এভাবে এক বছর ধরে কয়েক দফায় আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলিকে হুমকি দেওয়া হয়েছে। সর্বশেষ এ হুমকির ঘটনায় ডলি চরম উৎকণ্ঠায় রয়েছেন। বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন। এর আগে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে তিনি শাহজাহানপুর থানায় ছয়টি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত বছর দুর্বৃত্তের গুলিতে মতিঝিলের আওয়ামী লীগ নেতা টিপু নিহত হন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত নারী কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি সর্বশেষ হুমকির ঘটনায় বুধবার রাতে শাহজাহানপুর থানায় জিডি করেছেন। অজ্ঞাত ব্যক্তির ফোন কলে যে তিন ব্যক্তির বিষয় উল্লেখ করা হয়-তাদের বিষয়েও তিনি পুলিশকে বিস্তারিত জানিয়েছেন। তারা হলেন-ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ১০নং ওয়ার্ড যুবলীগের বহিষ্কৃত সভাপতি মারুফ রেজা সাগর, সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান টিটু ও শাহজাহানপুরের মোহাম্মদ মারুফ খান। ১৮ এপ্রিল তাদের জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। টিপু হত্যা মামলায় ডিবির তদন্ত ও আসামিদের জবানবন্দিতে বিভিন্ন পর্যায়ে তাদের সম্পৃক্ততার কথা উঠে আসে।
বৃহস্পতিবার বিকালে ফারহানা ডলি যুগান্তরকে বলেন, পুলিশ চার্জশিট (অভিযোগপত্র) দিচ্ছে না। এতে আসামিরা একের পর এক জামিন পেয়ে যাচ্ছে। আমাদের প্রতিটি দিন আতঙ্কে কাটছে। বুধবার রাতে ৫৩২৫৬২ নম্বর থেকে কলটি আসে। পরিচয় জানতে চাইলে বলা হয়-‘নাম শোনার দরকার নাই।’ এরপর ওই তিনজনের কথা বলে আমাকে হুমকি দেওয়া হয়। এর আগেও একেক সময় একেক আসামির নাম উল্লেখ করে আমার কাছে কল এসেছে। এই বিষয়গুলো প্রধানমন্ত্রীকেও জানিয়েছি। দোষীরা যেন পার পেয়ে না যায় সেজন্য তার সঙ্গে সাক্ষাৎ করে সাহায্য চেয়েছি। তিনি আমাদের কথা শুনেছেন এবং ন্যায়বিচার নিশ্চিত করবেন বলে জানিয়েছেন। এর মধ্যে নতুন করে আবার হুমকি দিল। এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি। আমি ও আমার সন্তানদের জীবনের নিরাপত্তা চাই।
জিডির তদন্তের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান যুগান্তরকে বলেন, খবর পেয়ে পুলিশ কাউন্সিলর ডলির বাসায় যায়। হত্যা মামলার বাদী হওয়ায় ডলির নিরাপত্তার বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। পাশাপাশি কোথা থেকে কলটি এসেছে তা শনাক্ত করার চেষ্টা চলছে। তবে নম্বরটি অন্য সব নম্বরের মতো নয়। তাই সাইবার ইউনিটের সহযোগিতায় আমরা কাজ করব। কথোপকথনে উঠে আসা নামগুলোর বিষয়ে তিনি বলেন, সব বিষয় মাথায় রেখেই তদন্ত হচ্ছে। নামের বিষয় আমরা খেয়াল রাখছি। যাতে সঠিক বিষয় উঠে আসে; আবার কেউ যেন হয়রানি না হয়। গত বছরের ২৪ মার্চ রাত সাড়ে ১০টার দিকে শাহজাহানপুরের আমতলা সড়কে আওয়ামী লীগ নেতা টিপুকে গুলি করে হত্যা করা হয়।
আলোচিত হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে মাসুম মোহাম্মদ আকাশকে (গুলিবর্ষণকারী) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করে। তার জবানবন্দির ভিত্তিতে টিপু হত্যার মূল পরিকল্পনাকারী সুমন শিকদার ওরফে মুসাকে ওমান থেকে ফিরিয়ে আনা হয়। এরপর একে একে ২৭ জন গ্রেফতার হয়। হত্যায় ব্যবহৃত অস্ত্র, মোটরসাইকেল তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। তখন ডিবি পুলিশের কর্মকাণ্ড ব্যাপক প্রশংসিত হয়। অথচ রহস্যজনক কারণে এখন ডিবি মামলার চার্জশিট (অভিযোগপত্র) দেয়নি। এরই মধ্যে আট আসামি জামিনে বেরিয়ে এসেছে। বিচারের আশায় টিপুর স্ত্রী ডলি দ্বারে দ্বারে ঘুরছেন। আওয়ামী লীগের বেশ কয়েকজন সিনিয়র নেতা, ডিএসসিসির মেয়র, আইজিপি, ডিএমপি কমিশনার, ডিবি ও স্থানীয় থানায় গিয়েছেন বলে জানিয়েছেন। সর্বশেষ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দেখা করেছেন তিনি। ডিবি বলছে, তদন্ত শেষ পর্যায়ে। খুব দ্রুত চার্জশিট দেওয়া হবে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের (ডিসি) রাজীব আল মাসুদ যুগান্তরকে বলেন, তদন্তের কাজ শেষ পর্যায়ে। এখন যথাযথভাবে নথি প্রস্তুত করা হচ্ছে। যাতে প্রকৃত দোষীরা শাস্তি পায়। কারণ নথির ভিত্তিতেই তো বিচার হবে।