‘চাট্টি গাট্টি রেডি কর/রাস্তা মাইপা সইরা পর’ গান বাজার সঙ্গে সঙ্গে ঢালিউডের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী ও অভিনেতা আদর সেই সঙ্গে শ’ খানেক আর্টিস্টকে নিয়ে নাচ শুরু করেন। আর সেই নাচ চলে রাতভর।
বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিডোরিয়ামের সামনে এক শুটিং সেট বানিয়ে সেখানেই ‘লোকাল’ সিনেমার গানের দৃশ্যায়ণ করা হয়েছে।
‘লোকাল’ সিনেমাটির নির্মাতা সাইফ চন্দন জানান, সন্ধ্যা থেকে শুরু হয় গানের শুটিং। চলেছে ভোর পর্যন্ত। এতে অংশ নিয়েছেন শতাধিক কলাকুশলী। গানের কোরিওগ্রাফিতে ছিলেন মাইকেল বাবু। টাইগার মিডিয়া প্রযোজিত এ সিনেমার শুটিংয়ের কাজ প্রায় শেষ।
থ্রিলার ঘরানার সিনেমা হলো ‘লোকাল’। এ সিনেমায় দর্শকরা অনেক নতুনত্ব দেখতে পাবেন। একটি মফস্বল এলাকার মানুষের সংগ্রাম, জীবন-যাপনসহ তাদের নানা সংস্কৃতি তুলে ধরা হবে এতে।